পিরোজপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও গাঁজাসহ রাজিব খাঁ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম ও পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে রাজিব খাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা পিস্তলটির গায়ে ‘MADE IN USA’ ও ‘N 1101’ লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। বর্তমানে রাজিব খাঁ ও উদ্ধারকৃত আলামত সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার রাজিব খাঁর বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, পেনাল কোড এবং জুয়া আইনসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকের বিষয়ে তদন্তসহ আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মো: সিফাতুল্লাহ স্টাফ রিপোর্টার দৈনিক নয়া কণ্ঠ 



















