চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পাঁচপুকুরিয়া-চাঁদেরঘোনা কবরস্থান সড়ক উন্নয়নের জন্য প্রায় এক বছর আগে উপজেলা প্রকৌশলী অফিস থেকে ২ লাখ ৯ হাজার টাকার বরাদ্দ দেওয়া হলেও এখনো কাজ শুরু হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার হয়ে যায়। এতে পথচারী, শিক্ষার্থী ও কবরস্থানে যাতায়াতকারী লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় জরুরি প্রয়োজনে চলাচলও কঠিন হয়ে পড়ে।
এলাকাবাসী জানান, বরাদ্দের খবর পাওয়ার পর তারা দ্রুত কাজ শুরুর আশা করেছিলেন। কিন্তু ঠিকাদারের গাফিলতি এবং একগুয়েমির কারণে এক বছর পার হলেও দৃশ্যমান কোনো কাজ না হওয়ায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বর্ষা মৌসুম শুরু হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।
স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে মানুষের চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু করা হোক এবং বরাদ্দের অর্থ যথাযথভাবে কাজে লাগানো হোক।
ফটিকছড়ি প্রতিনিধি 



















