পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর বাদ মাগরিব মসজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ শওকত আলী নূরের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী মোহাম্মদ আবছার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ফটিকছড়ি নানুপুর গাউছিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও হাটহাজারী ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা ছৈয়দ হাফেজ আহমদ।
এ সময় আরও আলোচনা করেন পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদীন আলকাদেরী এবং পেশ ইমাম হাফেজ মাওলানা জমির উদ্দিন আলকাদেরী।
মাহফিলে বক্তারা বলেন, রাসূলে আকরাম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে একটি সুন্দর ও স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এর মাধ্যমে মানুষ দুনিয়াতেও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র পরিচালনায় ইসলামকে মৌলিক ভিত্তি হিসেবে গণ্য করার আহ্বান জানান তারা। এতে ধর্মীয় ও গোত্রীয় সম্প্রীতি বজায় রাখা সম্ভব বলেও বক্তারা উল্লেখ করেন।
মাহফিলে হামদ ও নাত পরিবেশন করা হয়। পরে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরিশেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়। পরে সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া প্রতিনিধি: ওমর ফারুক 



















