পত্নীতলা উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮৯৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্দেশ্য এক স্বামী-স্ত্রী কে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ।
গত ২৯ আগস্ট ২০২৬ শনিবারে রাত ১০:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেওয়ান কুড়ি (রামরামপুর) অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পত্নীতলা থানার দায়িত্বপ্রাপ্ত (এএসআই) মোঃ মিজান সাহেব বলেন, গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সিরাজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মোসাঃ ডলি খাতুন (৩৫)। তাদের উভয় গ্রাম-দেওয়ানকুড়ি (রামরামপুর) পত্নীতলা, নওগাঁ। নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের হেফাজতে থাকা ৮৯৭ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
থানা সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে মাদকের বিস্তার রোধে পত্নীতলা থানা নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ট্যাবলেট গুলোর বাজার মূল্য উল্লেখযোগ্য এবং এগুলো বিভিন্ন এলাকায় সরবরাহের প্রস্তুতি চলছিল বলে ধারণা করা হচ্ছে।
পত্নীতলা থানার (ভারপ্রাপ্ত) ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নিতে অব্যাহত রয়েছে। সমাজকে মাদক মুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোন মাদক ব্যবসায়ীই আইনের আওতার বাইরে থাকতে পারবে না। জনগণের সহযোগিতা পেলে মাদক নির্মূলে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। ”
এলাকার সচেতন মহল পুলিশের এ অভিযানের প্রশংসা করে জানিয়েছে, মাদকের কারণে যুব সমাজ বিপদগামী হচ্ছে এবং সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তারা বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে, যাতে তরুন প্রজন্ম মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পায়।
স্থানীয় বাসিন্দাদের মতে, মাদক বিরোধী অভিযান জোরদার হলে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে বসবাস করতে পারবে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় বাংলাদেশ মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
হেলাল, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 



















