পটুয়াখালীর বাউফলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে তিন সার বিক্রেতাকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বগা ইউনিয়নের বগা বন্দরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু।
জরিমানাপ্রাপ্তদের মধ্যে মেসার্স আখিঁ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মেসার্স হারুন স্টোরকে ২ হাজার টাকা এবং সার বিক্রেতা কবির হোসেনকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন জানিয়েছেন, স্থানীয় কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করতে তিনজন কৃষককে ক্রেতা হিসেবে বগা বন্দরে পাঠানো হয়। তারা সার কিনতে গেলে সংশ্লিষ্ট বিক্রেতারা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
কৃষকদের অভিযোগ, কৃষি মৌসুমে সারের চাহিদা বাড়ার সুযোগ নিয়ে কিছু অসাধু বিক্রেতা অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। এতে উৎপাদন খরচ বেড়ে কৃষকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে।
মোঃ আব্দুল্লাহ আল লিখন পটুয়াখালী বাউফল প্রতিনিধি 



















