নারায়ণগঞ্জ, ৩ মে ২০২৬ (রবিবার):
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যদের সমন্বয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গত ২ মে ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে সদর থানাধীন খানপুর সরদার পাড়া এলাকায় একটি ভাড়া বাসার কক্ষ থেকে অভিযান চালিয়ে মোঃ নাহিদ হোসেন (২৯), মোঃ রাফি (২৬) ও সোয়াদ খান (১৯) নামে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: জেলা পুলিশ নারায়ণগঞ্জ
জেলা প্রতিনিধি: মোঃ রাকিব হোসাইন হৃদয় 



















