সরকারঘোষিত নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মচারীরা। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেরোবি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের বিপুলসংখ্যক কর্মচারী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান বেতনে পরিবারের ন্যূনতম ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।
দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারীরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
হিরো নামে এক কর্মচারী বলেন, আগে চালের কেজি ছিল ৪০ টাকা, এখন তা বেড়ে ৭০ টাকায় দাঁড়িয়েছে। বর্তমান বেতন দিয়ে পরিবার চালানো অত্যন্ত দুষ্কর। তাই আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা সরকারের কাছে আমাদের ন্যায্য অধিকার হিসেবে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
বেরোবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মনু বলেন, ২০০৯ সালের দ্রব্যমূল্য আর বর্তমান দ্রব্যমূল্যের পার্থক্য আকাশ-পাতাল। নবম পে-স্কেল বাস্তবায়ন হলে আমাদের বিলাসী জীবনযাপন হবে না, তবে অন্তত ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার নিশ্চয়তা পাব। সরকারের কাছে জোর দাবি, জানুয়ারি মাস থেকেই যেন এই পে স্কেল কার্যকর করা হয়।
























