‘জোনাকী’ ব্র্যান্ডের নাম, ট্রেডমার্ক ও মোড়ক নকল করে নিম্নমানের মশার কয়েল বাজারজাত করার অভিযোগে পঞ্চগড় শহরের দুলাল হোসেন (৪৬) নামে এক ব্যবসায়ীকে গত ২ জুলাই গ্রেপ্তার করেছে পুলিশ।
কসমো কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের সারা বাংলাদেশের হেড অব সেলস মো. আসাদুজ্জামান আসাদ দৈনিক বাংলা সংবাদের যশোর প্রতিনিধি আবু রাসেলকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্ত দীর্ঘ প্রায় নয় মাস ধরে ‘জোনাকী’ ব্র্যান্ডের নাম, ট্রেডমার্ক ও মোড়ক নকল করে নিম্নমানের মশার কয়েল বাজারজাত করে আসছিলেন।
তিনি বলেন, ২০২৫ সালের ১২ নভেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে অভিযুক্তের দোকান থেকে ৭০ কার্টুন নকল ‘জোনাকী’ কয়েল জব্দ করে ধ্বংস করা হয়। সে সময় তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছিল। এরপর চলতি বছরের ৯ জুন কোম্পানির প্রতিনিধিদের কাছে তিনি লিখিতভাবে অঙ্গীকার করেন যে, ভবিষ্যতে আর নকল ‘জোনাকী’ কয়েল বিক্রি করবেন না। কিন্তু সেই অঙ্গীকার ভঙ্গ করে পুনরায় একই ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় দায়ের করা মামলার পর গত ২ জুলাই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোম্পানির সারা বাংলাদেশের হেড অব সেলস মো. আসাদুজ্জামান আসাদ বলেন, কসমো কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মানসম্পন্ন ভোগ্যপণ্য ও মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত পণ্য বাজারজাত করে আসছে। তাঁর দাবি, ভোক্তাদের আস্থা ও পণ্যের গুণগত মান বজায় রাখাকে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী জনপ্রিয় ব্র্যান্ডের নাম, ট্রেডমার্ক ও মোড়ক নকল করে নিম্নমানের পণ্য বাজারজাত করায় ভোক্তারা প্রতারণার শিকার হচ্ছেন এবং বৈধ ব্যবসায়ী ও উৎপাদনকারী প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
তিনি আরও বলেন, নকল পণ্যের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত অভিযান আরও জোরদার হলে এ ধরনের অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে তিনি ভোক্তাদের পণ্য কেনার আগে মোড়ক, ট্রেডমার্ক, উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচিতি ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য ভালোভাবে যাচাই করার আহ্বান জানান।
এ বিষয়ে অভিযুক্ত ব্যবসায়ীর বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
আবু রাসেল, যশোর প্রতিনিধি | দৈনিক বাংলা সংবাদ 



















