নওগাঁয় স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জাল নোট তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, সিপিইউ, কালার প্রিন্টার ও স্ক্যানার জব্দ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ সদর উপজেলার পয়না বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পয়না বাজারে অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশ জানতে পারে, ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ নামের একটি দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করা হচ্ছে।
এর ভিত্তিতে রোববার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে দোকানটিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় বাজারে উপস্থিত লোকজনের সামনে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ৪৭ হাজার টাকা।
এ ছাড়া তার দোকান থেকে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়। পুলিশের দাবি, জব্দ করা কম্পিউটারে জাল নোট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার তারিকুল ইসলাম মল্লিক নওগাঁ সদর উপজেলার পয়না বাজার এলাকার আশরাফ আলীর ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নওগাঁ সদর থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা জাল নোট ও জব্দ করা সরঞ্জাম নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফিরোজ আহম্মেদ নওগাঁ প্রতিনিধি: 



















