পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সনাতনী সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ব্যবহার এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ানোর অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পঞ্চগড় জেলা সভাপতি মো. আবুল বাশার বসুনিয়া।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, দেবীগঞ্জ উপজেলার এক সাংবাদিক নিজেকে সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছেন এবং সনাতনী সম্প্রদায়কে জামায়াত-শিবিরের প্রতিপক্ষ হিসেবে তুলে ধরার অপচেষ্টা চালাচ্ছেন।
তিনি আরও দাবি করেন, অতীতে এমন রাজনৈতিক অবস্থান দেখা না গেলেও সম্প্রতি ওই সাংবাদিকের নেতৃত্বে কিছু সংখ্যক সনাতনী ব্যক্তি প্রকাশ্যে জামায়াত-শিবিরবিরোধী কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বিষয়টি নিয়ে দেবীগঞ্জের সনাতনী নেতৃবৃন্দকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পোস্টে আবুল বাশার বসুনিয়া আরও বলেন, কোনো ধর্মীয় সম্প্রদায়ের নাম ব্যবহার করে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা উচিত নয়। যদি কোনো সংগঠন রাজনৈতিক পরিচয়ে কর্মসূচি পালন করে, তাহলে সেটি সংশ্লিষ্ট সংগঠনের ব্যানারেই হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
মো:মামুন রহমান আটোয়ারী পঞ্চগড় প্রতিনিধি 



















