চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুলাভাইয়ের লালসার শিকার হয়ে নির্মমভাবে প্রাণ হারিয়েছে ছয় বছরের শিশু শরিফা খাতুন।
জানা যায়, গত ৩ এপ্রিল বিকেলে নানার সঙ্গে মাহফিলে যাওয়ার জন্য জেদ ধরে বাড়ি থেকে বের হয় শিশুটি। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিষয়টি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলমের নেতৃত্বে পুলিশ ও গোয়েন্দা সংস্থা অভিযান শুরু করে। সন্দেহভাজন হিসেবে শিশুটির দুলাভাই উজ্জ্বলকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উজ্জ্বল চাঞ্চল্যকর তথ্য দেয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে আজ ৫ এপ্রিল বিকাল আনুমানিক ৫টার দিকে মক্রমপুর ঘুন্টি বাজার সংলগ্ন পেমতলী বাগানের পাশে সাইদুল ইসলামের জমিতে একটি ছোট আমগাছের নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার মাথা ও চোখ থেঁতলে দেওয়া হয়েছিল। পরে বস্তায় ভরে লাশটি গোপনে পুঁতে রাখা হয়।
ঘটনায় জড়িত উজ্জ্বল (পিতা: ইব্রাহিম) বোয়ালিয়া ইউনিয়নের লালপুর গ্রামের বাসিন্দা। তাকে গ্রেফতার করা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আবুল কালাম আজাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 



















