কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী দুধকুমার নদের চরে কাদায় আটকে থাকা অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ভারতের আসাম সীমান্তবর্তী এলাকা থেকে উজানের পানির স্রোতে ভেসে বাংলাদেশে এসেছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের চর খোঁচাবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা নদীর পানি কমে যাওয়ার পর চরের কাদায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নারীর পরনে কালো রঙের জামা-পায়জামা ছিল। ঘটনাস্থল এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন ভারতীয় নাগরিকের মরদেহ, যা উজানের প্রবল স্রোতে সীমান্ত পেরিয়ে দুধকুমার নদে ভেসে এসেছে।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, তিলাই ইউনিয়নের ওপারেই ভারতের আসাম রাজ্য। নদীর পানি কমে যাওয়ায় মরদেহটি চরের কাদায় আটকে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে সেটি উদ্ধার করে।
পুলিশ জানায়, শনিবার (৪ জুলাই) মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরিচয় শনাক্তের পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।
সীমান্তবর্তী দুধকুমার নদে অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে মরদেহটির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা 



















