আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সারাদেশের মতোই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাতেও শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণা না করলেও মাঠপর্যায়ে তৈরি হয়েছে নির্বাচনী আমেজ।
এ প্রেক্ষাপটে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কানাডা প্রবাসী ও সাবেক শিবির নেতা মোঃ রেজাউল করিম। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডির মাধ্যমে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে প্রার্থীতার ঘোষণা দেন।
হাওর, কৃষি ও জীবিকার নিরাপত্তা
তাহিরপুরের অর্থনীতির প্রাণকেন্দ্র কৃষি উল্লেখ করে তিনি বলেন, আগাম বন্যায় প্রতিবছর বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়। এ সমস্যা মোকাবিলায় টেকসই ফসলরক্ষা বাঁধ সংস্কার, পিআইসি গঠনে স্বচ্ছতা নিশ্চিত এবং রবি শস্য ও খাঁচায় মাছ চাষে প্রশিক্ষণ ও সহায়তা বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেন।
পর্যটনে নতুন সম্ভাবনার স্বপ্ন
তাহিরপুরের প্রাকৃতিক সৌন্দর্যের কথা উল্লেখ করে তিনি টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, যাদুকাটা নদী ও শিমুল বাগান-কে কেন্দ্র করে ইকো-ট্যুরিজম উন্নয়নের কথা বলেন। স্থানীয় তরুণদের কর্মসংস্থান, প্লাস্টিকমুক্ত পর্যটন এলাকা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার প্রতিশ্রুতিও দেন তিনি।
যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন
বর্ষা ও শুকনো মৌসুমে ভিন্নধর্মী দুর্ভোগের কথা তুলে ধরে হাওরের ভেতর দিয়ে টেকসই সাবমার্সিবল (ডুবো) সড়ক নির্মাণ এবং নদীভাঙন রোধে সিসি ব্লক বা জিও ব্যাগ স্থাপনের পরিকল্পনার কথা জানান।
শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ
দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্ষাকালে ওয়াটার অ্যাম্বুলেন্স বা নৌ-ভিত্তিক ভ্রাম্যমাণ ক্লিনিক চালুর প্রস্তাব দেন। পাশাপাশি তরুণদের জন্য আইটি ও ভোকেশনাল প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের অঙ্গীকার করেন।
খনিজ সম্পদ ও শ্রমিক অধিকার
যাদুকাটা নদীর বালু ও পাথর কোয়ারিতে কর্মরত শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত, ইজারা সংক্রান্ত জটিলতা নিরসন এবং জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
চেয়ারম্যান পদে মোঃ রেজাউল করিমের সম্ভাব্য প্রার্থিতাকে ঘিরে ইতোমধ্যে উপজেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে তাহিরপুরবাসী কাকে তাদের আস্থার প্রতীক হিসেবে বেছে নেন।
কবির হোসেন, প্রতিনিধি 



















