ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় পাচারের সময় বহন করা একটি পিকআপ থেকে ১৯৫টি ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের তারাকান্দা উপজেলার মোজাহারদী এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় তারাকান্দা থানা-পুলিশ। এ সময় একটি বুলেরো পিকআপে তল্লাশি চালিয়ে ১৯৫টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া সুজন মিয়া (২৬) উপজেলার শিমুলিয়া গ্রামের ইয়াজ আলীর ছেলে। তিনি জব্দ করা পিকআপটির চালক বলে জানিয়েছেন পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি বুলেরো পিকআপ থামিয়ে তল্লাশি করলে ১৯৫টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
তিনি আরও জানান, অভিযানের সময় চালকের সঙ্গে থাকা আরেক ব্যক্তি পালিয়ে যান। তাঁকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
মোঃ হেলাল উদ্দিন সরকার। 



















