জীবিকার তাগিদে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন তরুণ রাজমিস্ত্রি লিটন মিয়া (২৫)। পরিবারের স্বপ্ন পূরণের আশায় রাজধানীর পথে যাত্রা শুরু করলেও ভাগ্যের নির্মম পরিহাসে গন্তব্যে পৌঁছানো হলো না তার। পথিমধ্যেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো এই যুবককে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শনিবার (২ মে) সন্ধ্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদর ইউনিয়নের ইশ্বর বড়ুয়া গ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন মিয়া উপজেলার বাগভান্ডার গ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মোটরসাইকেলে করে চৌকিদার মোড় এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন লিটন। পথে ভূরুঙ্গামারী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মাথায় মারাত্মক আঘাত পান।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজিমা তাসনীম জানান, গুরুতর মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রেফার করা হয়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকায় কাজের সন্ধানে রওনা, পথেই ঝরে গেল প্রাণ: ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
-
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
- আপডেট সময় : ০৩:৪৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- 47
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















