কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড টানা বর্ষণে পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ার পেছনে ড্রেনেজ ব্যবস্থার মারাত্মক অব্যবস্থাপনা ও নাগরিক অসচেতনতা বড় কারণ হিসেবে সামনে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, নগরীর বিভিন্ন স্থানে বহুতল ভবন নির্মাণের মালামাল ড্রেনের ওপর ফেলে রাখার কারণে পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে ড্রেনগুলো অকার্যকর হয়ে পড়ে এবং সামান্য বৃষ্টিতেই সড়কগুলো পানিতে তলিয়ে যায়।
এছাড়া অপরিকল্পিত নগরায়ন, খাল ও প্রাকৃতিক পানি প্রবাহের পথ দখল, এবং যথাযথ পরিকল্পনা ছাড়া বহুতল ভবন নির্মাণের ফলে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। ফলে নগরবাসীকে প্রতিনিয়ত জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নগরবাসীর মতে, শুধুমাত্র সিটি কর্পোরেশনের উদ্যোগ নয়—এ সমস্যা সমাধানে প্রয়োজন প্রশাসনের কঠোর নজরদারি ও নাগরিক সচেতনতা। ড্রেন দখলমুক্ত রাখা, নির্মাণ সামগ্রী সঠিকভাবে সংরক্ষণ এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে কুমিল্লা শহর আরও বড় জলাবদ্ধতার ঝুঁকিতে পড়তে পারে। তাই সময় থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগই পারে নগরীকে পানির নিচে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে।
ড্রেন দখল ও অপরিকল্পিত নগরায়ণে কুমিল্লা নগরীতে তীব্র জলাবদ্ধতা।
-
কুমিল্লা প্রতিনিধি আরাফাত উল্লাহ চৌধুরী:
- আপডেট সময় : ০৮:৫১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- 32
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















