গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সঙ্গে সম্প্রতি ডুয়েটে আয়োজিত সিএসই কার্নিভাল ২০২৬-এর পুরস্কার বিজয়ী শিক্ষার্থীবৃন্দ, ডুয়েট রোবটিক্স ক্লাব এবং ডুয়েট ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার ৩০ জুন উপাচার্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা, কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার কার্যক্রমে ডুয়েট শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও উদ্ভাবন, গবেষণা, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় ডুয়েট রোবটিক্স ক্লাবের প্রতিনিধিগণ সম্প্রতি অনুষ্ঠিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ন্যাশনাল রবোফেস্ট ২০২৬ এ ক্লাবের উল্লেখযোগ্য সাফল্যের বিষয়ে উপাচার্যকে অবহিত করেন। প্রতিযোগিতার লাইন ফলোয়ার কনটেস্টে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪১টি প্রতিযোগী দলের মধ্যে ডুয়েট রোবটিক্স ক্লাব দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। এ সাফল্যে বিজয়ী দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, এ ধরনের অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে। তিনি শিক্ষার্থীদের দেশীয় সাফল্যের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় আরও গৌরবময় সাফল্য অর্জনের লক্ষ্যে নিরবচ্ছিন্ন গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়ন প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিনিধিবৃন্দ আগামী ১৭ জুলাই ২০২৬ অনুষ্ঠিতব্য DRC Fest 2026 উপলক্ষ্যে ক্লাবের সার্বিক পরিকল্পনা, আয়োজনের প্রস্তুতি এবং সফল বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপাচার্যকে অবহিত করেন।
একই দিনে আজ ডুয়েট ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের প্রতিনিধিবৃন্দ উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালকে ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তারা ক্লাবের মিশন ও ভিশন উপস্থাপন করেন। তারা ক্লাবের অতীত কর্মকাণ্ড ও অর্জনের বিষয়ে তাঁকে অবহিতকরণপূর্বক আগামীদিনের উদ্যোগসমূহ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ গ্রহণ করেন।
উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল শিক্ষার্থীদের এসব অর্জন ও উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ডুয়েটের বিভিন্ন ক্লাব ও সংগঠনের কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) ও ডুয়েট রোবটিক্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন এবং ডুয়েট ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উপদেষ্টা মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. এ. কে. এম. জাকারিয়া উপস্থিত ছিলেন।
###
ডুয়েট উপাচার্যের সঙ্গে পুরস্কারজয়ী শিক্ষার্থী ও ক্লাব প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
-
এস এম আসাদুজ্জামান মিলন, স্টাফ রিপোর্টার, - আপডেট সময় : ১২:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- 42
জনপ্রিয় সংবাদ




















