ঠাকুরগাঁওয়ে এক বাক্প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় দীর্ঘ ১১ বছর পর ঐতিহাসিক ও নজিরবিহীন রায় দিয়েছেন আদালত। মামলার প্রধান আসামি আব্দুল মমিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তার জমি ও সম্পত্তি নিলামে বিক্রি করে ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অপরাধ দমনে আসামির সম্পত্তি বিক্রি করে ভুক্তভোগীকে ক্ষতিপূরণ আদায়ের এই আদেশকে বিচারিক ইতিহাসে একটি অনন্য ও নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে দেখছেন আইনজ্ঞরা।
মামলার বিবরণী থেকে জানা যায়, দীর্ঘ ১১ বছর আগে এক বাক্প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়। এরপর ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
রায়ে আদালত স্পষ্ট উল্লেখ করেন, সাজাভোগের পাশাপাশি আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে তুলে যে অর্থ পাওয়া যাবে, তা থেকে ২ লাখ টাকা ভুক্তভোগী কিশোরীকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে।
এই রায়ের পর ভুক্তভোগী পরিবার সন্তোষ প্রকাশ করেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, অপরাধীদের দমনে এবং ভুক্তভোগীদের অধিকার প্রতিষ্ঠায় আসামির সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ আদায়ের এই রায় ভবিষ্যতে একটি মাইলফলক হয়ে থাকবে।
মোঃ মশিউর রহমান স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















