পুলিশ সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত আজ ৩০ জুন ২০২৬ তারিখে একটি অভিযানে সম্প্রতি নাটোর থেকে মিম বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝালকাঠি সদর উপজেলার কুনিহারী গ্রামে সংঘটিত আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার অন্যতম আসামি।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৩ নভেম্বর বিকেলে নাইম তালুকদারকে অসুস্থ অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, খালের ঘাটে গিয়ে পানিতে পড়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
তবে পরবর্তীতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিহতের চাচা মো. সোহেল হোসেন তালুকদার ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, পারিবারিক বিরোধ এবং ফুফা শ্বশুরের সঙ্গে মিম বেগমের কথিত পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নাইম তালুকদারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে প্রচারের উদ্দেশ্যে মরদেহ পানিতে ফেলে দেওয়া হয়েছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
মোঃ আল মামুন ক্রাইম রিপোর্টার পিরোজপুর 



















