বৃহস্পতিবার ২৫ জুন সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব গ্রামে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ৮ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কাতারপ্রবাসী রফিক উদ্দীন দীর্ঘদিনের কষ্টার্জিত উপার্জনের অর্থে বাড়ির পাশেই প্রায় ৮ বিঘা জমি ক্রয় করেন। সম্প্রতি ওই জমি দখলের চেষ্টা করছে প্রতিবেশী একটি পক্ষ।
অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার প্রতিপক্ষের লোকজন জমিতে হালচাষ করতে গেলে রফিক উদ্দীনের স্ত্রী শামিমা আক্তার বাধা দেন। এ সময় তাকে মারধর ও অমানবিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
শামিমা বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, পরিকল্পিত ভাবে তাদের জমি দখলের উদ্দেশ্যে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।
তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের ক্রয়কৃত জমির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
জৈন্তাপুর প্রতিনিধি:মুক্তাদির আল সেলিম 



















