পিরোজপুরের জিয়ানগরে এক হতদরিদ্র শারীরিক প্রতিবন্ধী যুবকের পরিবারকে তাদের বসতভিটা থেকে উচ্ছেদ করতে প্রতিপক্ষের বিরুদ্ধে বর্বরোচিত হামলা ও ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত শনিবার বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় ওই প্রতিবন্ধী যুবকসহ তার বৃদ্ধা মা ও স্ত্রী গুরুত্বর আহত হয়েছেন।
ঘটনার বিবরণ:
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম চরবলেশ্বর গ্রামের আব্দুল কুদ্দুস বেপারীর ছেলে শারীরিক প্রতিবন্ধী ফজলু বেপারী (৪০) সম্প্রতি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় একটি টিনের বসতঘর নির্মাণ করেন। অভিযোগ উঠেছে, ঘর নির্মাণের পর থেকেই তার চাচাতো ভাই বাসার বেপারী, জাফর বেপারী, চাচা লোকমান বেপারী ও চাচি খাদিজাসহ ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল ওই জমি নিজেদের দাবি করে ফজলুর পরিবারকে উচ্ছেদের পায়তারা চালিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফজলুর বসতঘরে হামলা ও ভাঙচুর চালায়। এসময় ফজলু ও তার বৃদ্ধা মা ফজিলা বেগম (৫৫) বাধা দিতে গেলে তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। স্বামীকে বাঁচাতে ফজলুর স্ত্রী মনিরা বেগম (৩০) এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ভুক্তভোগীর আর্তনাদ:
অসহায় প্রতিবন্ধী ফজলু বেপারী অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আমি একজন শারীরিক প্রতিবন্ধী, আমার বাম পা প্রায় অকেজো এবং আমি লিভারের সমস্যায় ভুগছি। আমার বাবাও স্ট্রোক করে মানসিক ভারসাম্য হারিয়েছেন। অনেক কষ্টে মাথা গোঁজার জন্য একটি ঘর তুলেছিলাম, এখন সেটিও কেড়ে নিতে চাইছে প্রভাবশালী প্রতিপক্ষরা। আমি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা এবং এই জুলুমের বিচার চাই।”
এলাকাবাসীর ভাষ্য:
প্রতিবেশী মোঃ মোশাররফ হোসেন বেপারী জানান, ফজলু অত্যন্ত নিরীহ ও দরিদ্র মানুষ। দীর্ঘ দিন মানুষের আশ্রয়ে থাকার পর ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে ঘর তুলেছিল। কিন্তু তার স্বজনরাই এখন অন্যায়ভাবে তাদের ওপর হামলা করছে। এলাকাবাসী এই ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
পুলিশের বক্তব্য:
এ বিষয়ে জিয়ানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহব্বত খান জানান, প্রতিবন্ধী যুবকের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো: মারুফ হাসান পিরোজপুর। ৩ মে ২০২৬ 



















