চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদী এলাকায় অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজাসহ মো. সাকিব খান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদী গাছতলা ব্রিজের পশ্চিম পাশে মেসার্স মদিনা স্টোরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার সাকিব খান চাঁদপুর সদর থানার গুচ্ছগ্রাম (ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্প) এলাকার বাবুল খানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় সাকিব খানের কাছ থেকে কাগজে মোড়ানো ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পরে বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।
চাঁদপুর প্রতিনিধি মো রাব্বি ঢালী 



















