চট্টগ্রামে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সম্মানিত কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল কুদ্দুছ চৌধুরী, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মিজানুর রহমান এবং চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের মধ্যে মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের যে চেতনা রয়েছে, তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। নজরুলের জীবন ও দর্শন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে নজরুলকে সীমাবদ্ধ না রেখে তাঁর সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করতে হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভার বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রও আরও সমৃদ্ধ হবে।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশ, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং তাঁর অসাম্প্রদায়িক ও মানবিক আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন
পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 



















