চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. হাসান (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের বিস্তারিত জানানো হয়।
পুলিশ জানায়, গত বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার ড্রিমল্যান্ড আবাসিক এলাকার ১ নম্বর গলির মুখে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে হাসানকে হাতেনাতে ধরে ফেলে ডিবির (উত্তর) একটি বিশেষ দল। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হাসানকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে হাটহাজারী থানার চিকনদণ্ডী এলাকায় একটি বাসায় তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয়:
২টি দেশীয় তৈরি শটগান।
১টি একনলা বন্দুক।
২০টি তাজা কার্তুজ।
১টি শটগানের ব্যারেল ও ৩টি রিকয়েলিং স্প্রিং (অস্ত্র তৈরির সরঞ্জাম)।
আরও ৩টি ধারালো চাপাতি।
পুলিশি জিজ্ঞাসাবাদে হাসান স্বীকার করেছেন যে, উদ্ধারকৃত এসব আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তিনি নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার বিরুদ্ধে আগে থেকেই চুরি, মারামারি ও হত্যাচেষ্টাসহ ৪টি মামলা বিচারাধীন রয়েছে।
এই ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে সিএমপির এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়
পারভেজ রহমান। চট্টগ্রাম প্রতিনিধি। 



















