সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর সদর থেকে দরবস্ত বাজার রুটে চলাচলকারী কেরিক্যাপ ও ইমা লেগুনার ভাড়া হঠাৎ করে ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (২৯ জুন) থেকে নতুন এ ভাড়া কার্যকর হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে,এমন কি হাতাহাতির ঘটনা ও ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, আগে জৈন্তাপুর সদর থেকে দরবস্ত বাজার পর্যন্ত জনপ্রতি ভাড়া ছিল ১০ টাকা। তবে কোনো পূর্ব ঘোষণা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের তথ্য ছাড়াই ভাড়া বাড়িয়ে ১৫ টাকা আদায় করা হচ্ছে।
যাত্রীদের দাবি, সরকার গ্যাসের দাম বৃদ্ধি করেনি। এমন পরিস্থিতিতে হঠাৎ করে পরিবহন ভাড়া বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিদিন এ রুটে যাতায়াতকারী শিক্ষার্থী, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ অতিরিক্ত ভাড়ার কারণে আর্থিক চাপের মুখে পড়েছেন।
এ বিষয়ে কয়েক জন চালক জানান, যানবাহনের রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশের মূল্য এবং অন্যান্য পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে ভাড়া সমন্বয় করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো লিখিত সিদ্ধান্ত বা প্রশাসনিক অনুমোদনের তথ্য তারা দেখাতে পারেননি।
স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ নির্ণয় এবং সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী ভাড়া আদায় নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জৈন্তাপুর (সিলেট)প্রতিনিধি:মুক্তাদির আল সেলিম 



















