গোয়াইনঘাট উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা) ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ফাইনাল খেলায় বালিকা বিভাগে আটলিহাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে গোয়াইনঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব রতন কুমার অধিকারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ইফতেখায়ের হোসেন ভূঁঞা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা। খেলা চলাকালীন মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও প্রাণবন্ত উপস্থিতি, যা পুরো আয়োজনকে করে তোলে আরও আকর্ষণীয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিশুদের মাঝে শৃঙ্খলা, দলগত মনোভাব এবং নেতৃত্বের গুণাবলী গড়ে তোলে।
শেষে বিজয়ী ও রানার-আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি শিশুদের জন্য আনন্দঘন ও স্মরণীয় হয়ে থাকে।
গোয়াইনঘাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
-
কবির হোসেন গোয়াইনঘাট প্রতিনিধি
- আপডেট সময় : ১১:১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- 40
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















