বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খানের উপস্থিতিতে গাজীপুর মহানগর শাখার প্রাণবন্ত ‘নৌকা ভ্রমণ-২০২৬’ এর আয়োজন করে।
উৎসবমুখর, প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘নৌকা ভ্রমণ-২০২৬’। সাংবাদিকদের এই ব্যতিক্রমী আয়োজন পরিণত হয় এক অনন্য মিলনমেলায়, যেখানে পেশাগত ব্যস্ততার বাইরে সংগঠনের সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার সুযোগ পান।
বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সভাপতি ইয়াছিন গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনের মূল আকর্ষণ বাড়িয়ে দেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক সফুর উদ্দিন সফু, বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খন্দকার।
এছাড়াও সার্বিক সহযোগিতা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর শাখার সম্মানিত উপদেষ্টা এবং ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আইয়ুব সরকার মাস্টার, গণঅধিকার পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি আলহাজ্ব মোবারক হোসেন, কোনাবাড়ী গ্রাজুয়েট ক্লাবের উপদেষ্টা এডভোকেট আবুল বাশার এবং গণঅধিকার পরিষদ কোনাবাড়ী থানা কমিটির সভাপতি আহমেদ ফারুক খান।
মনোরম প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এ নৌকা ভ্রমণে গাজীপুর মহানগর শাখার সদস্যরা একই রঙের গেঞ্জি পরিধান করে অংশগ্রহণ করেন, যা আয়োজনটিতে যোগ করে ভিন্নমাত্রা ও উৎসবের আমেজ। গেঞ্জির সৌজন্যে ছিল কোনাবাড়ী পপুলার হসপিটাল। আমন্ত্রিত অতিথি হিসেবে এতে গাজীপুর জেলা, কালিয়াকৈর, কালীগঞ্জ, শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার সুধীজন অংশগ্রহণ করেন।
প্রকৃতির সৌন্দর্য ও নৌভ্রমণের আনন্দে ভাসমান সহকর্মীদের এই আন্তরিক উপস্থিতি শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক, পেশাগত ঐক্য ও সাংগঠনিক বন্ধনকে শক্তিশালী করার বার্তা নিয়ে এটি হয়ে ওঠে এক স্মরণীয় আয়োজন।
আলফাত হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট 



















