গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পূর্ব দামোদরপুর এলাকায় কথিত বালু-মাটি খেকো, চাঁদাবাজ ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী।
আয়োজিত এ সংবাদ সম্মেলনে এলাকাবাসীর অভিযোগ, দামোদরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহিদুল ইসলাম সোনা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন, গভীর রাতে কাকড়াগাড়ী চলাচল। চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তাদের এসব কর্মকাণ্ডের কারণে এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অবৈধভাবে বালু ও মাটি পরিবহনের কারণে গ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও এ বিষয়ে প্রতিবাদ করায় বালু ব্যবসায়ীদের পক্ষ থেকে স্থানীয়দের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এ সময় স্থানীয় এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, “সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত অবাধে ট্রাক্টর ও ভারী যানবাহন চলাচল করায় প্রচণ্ড শব্দ ও ধুলাবালুর কারণে পড়াশোনা করতে এবং রাতে ঘুমাতে খুব কষ্ট হয়। এছাড়া অতিরিক্ত যান চলাচলে সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিন স্কুলে যেতে অনেক সময় লাগে এবং দুর্ভোগ পোহাতে হয়।”
এসময় গ্রামের বাসিন্দা আব্দুল খালেক সরকার অভিযোগ করে বলেন, “শাহিদুল ইসলাম সোনা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও মাটি বিক্রি করে আসছেন। এতে গ্রামের রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এর প্রতিবাদ করলে আমাদের নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।”
লুৎফর রহমান নামে অপর এক ভুক্তভোগী অভিযোগ করেন, গত ২৭ জুন সকালে তাকে ও তার ভাইকে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বক্তারা অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি, 



















