গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রত্যন্ত ও বিচ্ছিন্ন চর বিশ্বাস ইউনিয়নে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৬ মে, ২০২৬) ইউনিয়নের চরবাংলা, চরআগস্তী ও চর মহিউদ্দিন এলাকার প্রকৃত হতদরিদ্র ৮০৮টি পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, গলাচিপার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. নুরুল হক, এমপি।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতি। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর সরকার বদ্ধপরিকর বলে তিনি তাঁর বক্তব্যে পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ… স্পেশালিস্ট পুলিশ সুপার জনাব মো. আবু ইউসুফ, বিপিএম সেবা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব এস এম শাহজাদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং চরবাংলা, চরআগস্তী ও চর মহিউদ্দিন এলাকার সুবিধাভোগী সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জনাব মো. নুরুল হক নুর বলেন, “প্রধানমন্ত্রী চরাঞ্চলের অবহেলিত মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ তা বাস্তবায়িত হচ্ছে। চরবাংলা, চরআগস্তী ও চর মহিউদ্দিনের মতো প্রান্তিক এলাকার হতদরিদ্র পরিবারগুলো যাতে সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা সরাসরি পায়, তার জন্য এই ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো মধ্যস্বত্বভোগী যেন এর সুফল নষ্ট করতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।”
অনুষ্ঠানে শত শত সাধারণ মানুষ, বিশেষ করে সুবিধাভোগী নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রত্যন্ত চরাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর হাতে এই ফ্যামিলি কার্ড তুলে দেওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।
মো. আতিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার | পটুয়াখালী 

























