নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রেজাউন নবী স্যান্ডোর গণসংযোগে সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামের পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
প্রচার-প্রচারণার অংশ হিসেবে রেজাউননবি সান্ডো প্রবীণ, যুবক, কৃষক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী এবং মা-বোনদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করছেন। বিভিন্ন স্থানে স্থানীয় নারীরাও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
স্থানীয় সূত্র জানায়, ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলা, অসুস্থদের খোঁজ নেওয়া, প্রবীণদের দোয়া চাওয়া এবং তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় তার প্রচারণার অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে।
প্রচারণায় অংশ নেওয়া স্থানীয় কয়েকজন ভোটার জানান, দীর্ঘদিন পর একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীকে এতটা কাছ থেকে পাচ্ছেন তারা। নারী-পুরুষ উভয়ের উপস্থিতিতে বিভিন্ন স্থানে ছোট ছোট উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। অনেকেই এলাকার রাস্তা, ড্রেনেজ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরছেন।
রেজাউননবি সান্ডো বলেন, “আমি কোনো বিভাজনের রাজনীতি করতে চাই না। কোলা ইউনিয়নের প্রতিটি মানুষের দোয়া ও ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমান উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব।”
প্রচারণা সংশ্লিষ্টদের দাবি, কোলা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তাদের গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে এবং ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তবে এ বিষয়ে অন্য সম্ভাব্য প্রার্থীদের বক্তব্য জানা যায়নি।
এদিকে নির্বাচন কমিশন এখনও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না করলেও কোলা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও নির্বাচনী তৎপরতায় রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, তফসিল ঘোষণার পর নির্বাচনী মাঠ আরও জমে উঠবে।
কোলা ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রেজাউন নবী(স্যান্ডো)সাবেক জিএস। নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
-
ফিরোজ আহম্মেদ | নওগাঁ প্রতিনিধি - আপডেট সময় : ০৯:১৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- 134
জনপ্রিয় সংবাদ




















