গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীমের নেতৃত্বে কোটালীপাড়া পৌরসভার ঘাঘর বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কোটালীপাড়া থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় মেসার্স জননী মেডিকেল হলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার দায়ে ২ হাজার টাকা, দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় লক্ষী নারায়ণ ভান্ডারকে ১ হাজার টাকা এবং দোকানে নষ্ট জিরা রাখার অপরাধে মেসার্স লোকনাথ ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
অভিযানকে কেন্দ্র করে বাজার এলাকায় সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা জানান।
নিজস্ব প্রতিবেদক, ইয়াসিন খান: 





















