প্রতিদিনের মতো আজও নিজের দায়িত্ব পালন করতে দলের সঙ্গে আসেন মাহবুব আলী জ্যাকি। তবে শেষটা অন্যদিনের মতো করতে পারেননি। সিলেটে আজ টসের পর ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের ওয়ার্মআপের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।
মাহবুবের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তার দল ঢাকা ক্যাপিটালসের পাশাপাশি শোক জানিয়েছে অন্য দলগুলোও। সহকারী কোচের মৃত্যুতে রংপুর রাইডার্স এক বিবৃতিতে লিখেছে, ‘মাহবুবের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত রংপুর রাইডার্স পরিবার। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’মাহবুবের মৃত্যুতে হৃদয় পুড়ছে সাকিব আল হাসানেরও।
দেশসেরা অলরাউন্ডার তার ফেসবুকে লিখেছেন, ‘কোচ মাহবুব আলি জ্যাকির মৃত্যুর সংবাদ শুনে আমি গভীরভাবে মর্মাহত। আমার পেশাদার ক্যারিয়ারের শুরুর দিক থেকেই তাকে আমি চিনি। তার সঙ্গে কাটানো সময়গুলো আমার মনে দাগ কাটছে। জীবনের অন্তিম মুহূর্তটাও তার ভালোবাসার মাঠেই শেষ করলেন।
তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’বিপিএলের আজকের ম্যাচের জন্য মাঠে আসার পরই অসুস্থ অনুভব করছিলেন মাহাবুব। তবু নিজের কাজ চালিয়ে যান ৫৯ বছর বয়সী এই খ্যাতিমান কোচ। কিন্তু টসের পর মাটিতে লুটিয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে মাঠে সিপিআর দেওয়া হয়। দ্রুত অ্যাম্বুল্যান্সে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও যুব বিশ্বকাপজয়ী দলের কোচকে বাঁচানো যায়নি।