নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের দলপা (কান্দাপাড়া) গ্রামে সুদের টাকার লেনদেনকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিলন মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মিলন মিয়া ওই গ্রামের আমজুদ আলীর ছেলে।
স্থানীয় ও মহল্লাবাসী সূত্রে জানা গেছে, সুদের টাকাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার পর উত্তেজিত মহল্লাবাসী অভিযুক্ত খুনি এবং তার মাকে ঘটনাস্থল থেকেই আটক করে বেঁধে রাখে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা ও ছেলেকে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে বাংলাদেশ প্রেসক্লাব কেন্দুয়া উপজেলা শাখার সহ সভাপতি জনাব আমিরুল ইসলাম (তালুকদার) কে কেন্দুয়া থানার ওসি জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি 



















