বৌয়ারাবাজার সীমান্তে বিশেষ অভিযানে ৩০ লাখ ৬০ হাজার
কুমিল্লায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার বৌয়ারাবাজার বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর সূর্যনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় টহলদল মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ২০০ পিস অবৈধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৬০ হাজার টাকা বলে জানা গেছে।
বিজিবি আরও জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা সর্বদা তৎপর রয়েছে এবং ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিস্পত্তি করা হবে।






















