কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলার ৯টি উপজেলা ও ১টি পৌরসভায় একযোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় ৩ লাখ ৩৩ হাজার ৩১৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, অপুষ্টিজনিত জটিলতা কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
রোববার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবার ৬ থেকে ৫৯ মাস বয়সী স্বাভাবিক শিশুর পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও এ কর্মসূচির আওতায় রয়েছে। জেলার প্রত্যন্ত ও দুর্গম চরাঞ্চলের শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। চরাঞ্চলের ২ শতাধিক কেন্দ্রসহ পুরো জেলায় মোট ২ হাজার ৭০টি কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এই বৃহৎ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মাঠে কাজ করছেন ৪ হাজার ১৩৬ জন স্বেচ্ছাসেবী এবং ২৪০ জন সুপারভাইজার। প্রতিটি কেন্দ্রে শিশুদের নিরাপদ ও সুষ্ঠুভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক তদারকি করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, তত্ত্বাবধায়ক ডা. নুরনেওয়াজ আহমেদসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রতিটি অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে, যাতে জেলার কোনো শিশুই এ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।
কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
-
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদূদাতা - আপডেট সময় : ০৮:৫৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- 41
জনপ্রিয় সংবাদ




















