স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও পেশাগত নিরাপত্তায় জোর
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ সভায় বক্তারা স্বাধীন, দায়িত্বশীল ও নির্ভীক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব।
এছাড়াও বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম, পিপি অ্যাডভোকেট বজলুর রশিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার খন্দকার, সিনিয়র সাংবাদিক ইউনুস আলী, সাংবাদিক ও আইনজীবী আহসান হাবীব নীলু, ফজলে ইলাহী স্বপন, শ্যামল ভৌমিক, আতাউর রহমান বিপ্লব, রেজাউল করিম রেজা, ওয়াহেদুজ্জামান তুহিন, জাহানুর রহমান খোকন, রেশমা বেগমসহ গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম শক্তিশালী স্তম্ভ। সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে নির্ভীকভাবে কাজ করাই সাংবাদিকতার মূল চেতনা। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা ছাড়া সুশাসন, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদা বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। উন্নয়ন, জনস্বার্থ ও মানুষের সমস্যা তুলে ধরতে সাংবাদিকদের পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা অত্যন্ত জরুরি।”
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধ দমন এবং জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।”
সভায় বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র, সমাজ ও সকল সচেতন নাগরিককে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্ত সাংবাদিকতার পক্ষে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়
কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
-
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ - আপডেট সময় : ০২:৪০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- 36
জনপ্রিয় সংবাদ




















