রাজিবপুর উপজেলা থেকে কুড়িগ্রাম গামী সড়কটির বেহাল দশা বর্তমানে সাধারণ মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাজিবপুর নৌকাঘাটমুখী সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে সড়কের পানি একপাশ দিয়ে নামতে শুরু করলে রাস্তার বিভিন্ন অংশে মাটি সরে গিয়ে গভীর গর্ত ও ভাঙন দেখা দেয়। বর্তমানে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ পথচারীদের হেঁটে চলাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রধান এই রুটটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ উপজেলা শহর ও জেলা সদরে যাতায়াত করেন। এলাকাবাসী বলেন, সড়কটি দিয়ে প্রতিনিয়ত যাত্রীবাহী অটো-রিকশা, মোটরসাইকেল ও পণ্যবাহী যান চলাচল করে। বৃষ্টির কারণে গর্তগুলোতে পানি জমে থাকায় চালকরা গভীরতা বুঝতে পারছেন না, ফলে প্রায়ই ছোট-খাটো দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে রাতের বেলা বা জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে এই সড়কটি এখন এক আতঙ্কের নাম। স্থানীয় আলিম উদ্দিন, শাহজাহান আলী, বদল উদ্দিনসহ অনেকে বলেন, রাস্তার যে অবস্থা, তাতে যেকোনো সময় গাড়ি উল্টে বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটতে পারে। বৃষ্টি হলেই গর্তগুলো মরণ ফাঁদে পরিণত হয়। এ অবস্থায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত এবং গর্তগুলো ভরাটের জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, জনস্বার্থে এখনই ব্যবস্থা না নিলে রাজিবপুরের সাথে জেলা সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
কুড়িগ্রামের রাজীবপুর সড়ক যেন মরণফাঁদ, চরম দুর্ভোগে এলাকাবাসী
-
মোঃ এনামুল হক বিপ্লব স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০২:৩৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- 57
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















