কিশোরগঞ্জ সদরে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মো. ইউসুফ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে বৌলাই-যশোদল বাইপাস সড়কের রবিউল আউয়াল ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকার বাসিন্দা মো. ওসমানের ছেলে।
নিহত ইউসুফের বাবা মো. ওসমান বলেন, কাজ শেষে ইউসুফ তার সামনে দিয়েই হেঁটে যাচ্ছিল। বাড়ির কাছাকাছি বাইপাস সড়কে উঠতেই একটি বেপরোয়া সিএনজিচালিত অটোরিকশা এসে তাকে চাপা দেয়।
তিনি বলেন, “চোখের সামনেই আমার ছেলের জীবনটা কেড়ে নিল।”
কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরের পর ইউসুফ তার বাবার সঙ্গে বাড়ির পাশের একটি জমিতে যায়, যেখানে তার বাবা ধান ভাঙার কাজে ব্যস্ত ছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে তারা বৌলাই-যশোদল বাইপাস সড়কের আমাটি শিবপুর এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা ইউসুফকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং চালক আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আবু রায়হান
কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬
০১৪০৭৬৮৩৮৭৫






















