পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় গুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো (৮৭) এর অন্ত্যেষ্টিক্রিয়া আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে শনিবার (২৮ মার্চ) রাত ১০টা পর্যন্ত তিনদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।
উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। মহাথেরোর মৃত্যুর ৯৯ দিন পর এই আয়োজনকে ঘিরে স্থানীয়সহ আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অন্ত্যেষ্টিক্রিয়া মাঠ পরিদর্শন, অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনা শান্তির কুঠি দানকারীদের হাতে হস্তান্তর, ভিক্ষু সংঘের পিণ্ডদান, অতিথি আপ্যায়ন এবং শোভাযাত্রার মাধ্যমে শবদেহ অন্ত্যেষ্টিক্রিয়ার মূল ময়দানে নিয়ে যাওয়া। এছাড়া অতিথিদের আসন গ্রহণ ও নিত্য ধর্মীয় আচার-অনুষ্ঠানও পালন করা হবে।
শেষ দিনে মহাথেরোর শেষকৃত্য অনুষ্ঠানে আতশবাজি প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। তিনদিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলের পাশে বসছে বিভিন্ন ধরনের দোকানপাট। পাশাপাশি সপ্তাহজুড়ে চলছে নৃত্য মহড়া, যেখানে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীরা অংশ নেবেন।
উল্লেখ্য, ভদন্ত উকোইন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ ডিসেম্বর তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে পরলোকগমন করেন। তিনি দীর্ঘ ৬৬ বছর বর্ষাবাস জীবনযাপন করেছেন বলে জানা গেছে।
এর আগে ১৯৯৭ সালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের কালাচান পাড়ায় উচোনা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল।
এ বিষয়ে অন্ত্যেষ্টিক্রিয়া কমিটির সাধারণ সম্পাদক মংচো তালুকদার জানান, “অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর এমন একটি বড় আয়োজন হওয়ায় মানুষের আগ্রহও ব্যাপক।”
কলাপাড়ায় ধর্মীয় মর্যাদায় রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া
-
সিয়াম আব্দুল্লাহ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৯:৪৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- 88
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















