হোমিওপ্যাথি চিকিৎসকদের পেশাগত ঐক্য সুসংহত করা, নৈতিক চিকিৎসা চর্চার প্রসার, গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালনা এবং জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কক্সবাজার হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন’।
এ উপলক্ষে সোমবার (২৯ জুন) রাতে কক্সবাজারে জাতীয় সত্তার কবি, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, বিশিষ্ট সাহিত্যিক, হোমিওপ্যাথি গবেষক ও চিকিৎসক নূরুল হুদার সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের উদ্দেশ্য, কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, কক্সবাজারে কর্মরত হোমিওপ্যাথি চিকিৎসকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি ঐক্যবদ্ধ, পেশাদার ও গবেষণামুখী সংগঠন। নবগঠিত এ সংগঠন চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন, নৈতিক চিকিৎসা চর্চার প্রসার এবং আধুনিক গবেষণাভিত্তিক চিকিৎসা কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, সংগঠনের মাধ্যমে তরুণ চিকিৎসকদের প্রশিক্ষণ, বৈজ্ঞানিক সেমিনার, গবেষণা কার্যক্রম, জনসচেতনতামূলক স্বাস্থ্য কর্মসূচি এবং মানসম্মত হোমিওপ্যাথি চিকিৎসাসেবা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
সভায় ঘোষিত আহ্বায়ক কমিটিতে জাতীয় সত্তার কবি নূরুল হুদাকে প্রধান উপদেষ্টা, ডা. মোহাম্মদ আলমকে আহ্বায়ক, মাওলানা ডা. এনামুল হক ইসলামাবাদীকে যুগ্ম আহ্বায়ক এবং ডা. হামিদ উল্লাহকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম, প্রফেসর ডা. রুমেল এবং ডা. মোহাম্মদ বজলুর রহমান।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ‘কক্সবাজার হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন’ ভবিষ্যতে কক্সবাজারে হোমিওপ্যাথি চিকিৎসার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, চিকিৎসকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং জনসাধারণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।
কক্সবাজারে ‘কক্সবাজার হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন’-এর যাত্রা শুরু
-
মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) - আপডেট সময় : ০৩:৩৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- 52
জনপ্রিয় সংবাদ




















