- কক্সবাজারের উখিয়া সদর কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ী দগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আরো অন্তত তিনজন আহত হয়েছেন। আগুনে অর্ধশতাধিক দোকান ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।
- সোমবার (১০ নভেম্বর) বিকেলে উখিয়া কৃষি ব্যাংক ভবনের পেছনে কাঁচাবাজার সড়কের একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন আরো ভয়াবহ রূপ নেয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘উখিয়া বিজয় মার্কেটে ভয়াবহ আগুনে কয়েকটি দোকান পুড়ে গেছে। এতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।
তিনি আরো বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বাজারের ব্যবসায়ী মো. আব্দুল কাদের বলেন, ‘হঠাৎ করেই কাঁচা বাজারে আগুন লাগে। কিছুক্ষণ পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। আমরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্র তাপে পিছু হটতে হয়।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ডলার বড়ুয়া বলেন, ‘আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। অগ্নিদগ্ধ হয়ে একজন মারা গেছেন, তিনজন আহত হয়েছেন।’
সবশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।






















