পবিত্র ঈদুল আজহার পরবর্তী ঈদ আনন্দকে আরও প্রাণবন্ত ও উপভোগ্য করে তুলতে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেলে কোমরপুর যুব সংঘের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশ নেওয়া খেলোয়াড়দের ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি পরে মাঠে নামতে দেখা যায়। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসবমুখর পরিবেশ।
আর্জেন্টিনা দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন কোমরপুর গ্রামের কৃতিসন্তান নিউরো সার্জন ডা. হাসানুজ্জামান। দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন কোমরপুর গ্রামের কৃতিসন্তান লেফটেন্যান্ট কর্নেল হাফিজ আল আসাদ চঞ্চল। অন্যদিকে ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন কোমরপুর যুব সংঘের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামী ব্যাংক নাভারন শাখার সিনিয়র অফিসার জিল্লুর রহমান।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা সমর্থক দল একটি গোল করে ১-০ ব্যবধানে জয়লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আনিস ও ফরহাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোমরপুর যুব সংঘের সভাপতি সাইফুল্লাহ সরদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম ফাহিম, শিক্ষক আব্দুস সালাম, জাহাঙ্গীর কবির, ধুলিহর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রবিউল ইসলাম, এসআই জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, খেলায় অংশ নেওয়া দুই দলের অধিকাংশ খেলোয়াড়ই বিভিন্ন পেশায় কর্মরত চাকরিজীবী। কর্মব্যস্ততার মাঝেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং তরুণদের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
ঈদ আনন্দে মুখর সাতক্ষীরা ধুলিহর কোমরপুর ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
-
মেহেদী হাসান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি - আপডেট সময় : ০৩:০০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
- 110
জনপ্রিয় সংবাদ




















