নরসিংদী জেলার শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ খানের তৃতীয় শাহাদাৎ বার্ষিকী আজ ( ৩১ মে ২০২৬)। তিনি গত ২০২৩ সালের ৩১ মে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হারুন অর রশীদ খানের নিজ বাড়ি উপজেলার চক্রধা ইউনিয়নের মজলিশপুর গ্রামের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বর্তমানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামিলীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকায় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে কোন কর্মসূচি পালন করা হবে না। হারুন অর রশীদ খান উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে ১৯৯৭ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।
উল্লেখ্য যে, গত ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারী ভোরে শিবপুর থানার প্রায় দেড়শত মিটার পূর্ব পাশে অবস্থিত নিজ বাসায় সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হন হারুন অর রশীদ খান। তারপর হারুন অর রশীদ খানকে শিবপুর সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় রেফার করেন। প্রায় তিন মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় ৩১ মে তিনি মৃত্যু বরণ করেন। হারুন অর রশীদ খান ১৯৫০ সালের ১২ই জুন উপজেলার চক্রধা ইউনিয়নের মজলিশপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন। ২০২১ সালে ভিলেজ পলিটিক্সের শিকার হয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদ হারাতে হয় হারুন অর রশীদ খানকে।
মো: হাবিবুর রহমান সুমন, শিবপুর( নরসিংদী) প্রতিনিধি. 



















