নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান।
ইসি সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৫ জানুয়ারি প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পেজের ভিডিও লিংক ব্যবহার করে তাঁর নির্বাচনি প্রতীক মোমবাতি-তে ভোট প্রার্থনা করেন। এ ধরনের কার্যক্রম রাজনৈতিক দল ও প্রার্থী আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।
নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, তাহেরীর এই কর্মকাণ্ড অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করতে পারে। এজন্য ভবিষ্যতে আচরণবিধি পরিপন্থি কোনো কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে পুনরায় আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, জরিমানা আরোপ বা প্রার্থিতা বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নে কমিশন কঠোর অবস্থানে রয়েছে। প্রার্থীরা নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাহেরীকে সতর্ক করল ইসি
-
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি। - আপডেট সময় : ০৪:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- 57
জনপ্রিয় সংবাদ




















