চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি পেশাদার চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি ল্যাপটপ এবং একটি ডিএসএলআর (DSLR) ক্যামেরা উদ্ধার করা হয়।
বুধবার (১ জুলাই) আকবরশাহ থানাধীন ইস্পাহানী সি গেট ও পাহাড়তলী থানাধীন নতুনপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আকবরশাহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে এসআই রবিউল হোসেন, এএসআই মেজবাহ উদ্দিন, এএসআই মো. জসিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ সফল অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
তাকবির হোসেন রিয়াদ (২৫): পিতা- শাহ আলম, সাং- পূর্ব হিংগুলী (জোরারগঞ্জ, চট্টগ্রাম)। বর্তমান বাসিন্দা: জনতা কলোনী, আকবরশাহ।
নুরুন্নবী (২২): পিতা- কাজী আবুল কালাম, সাং- নোয়াপড়া, কে টাওয়ার (পাহাড়তলী, চট্টগ্রাম)।
রাকিব হোসেন (২৪): পিতা- মারফত উল্লাহ, সাং- নোয়াপাড়া, আমানত উল্লাহ চেয়ারম্যান বাড়ি (পাহাড়তলী, চট্টগ্রাম)।
ইউনুস হৃদয় প্রকাশ বড় বাচা (৪৮): পিতা- মৃত আহমদুর রহমান, সাং- জনতা কলোনী, মোল্লা বাড়ি (আকবরশাহ, চট্টগ্রাম)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা আকবরশাহ থানার একটি চুরি মামলার (মামলা নং-৪০, তারিখ-২৮/০৬/২০২৬, ধারা-৪৫৭/৩৮০/৪২৭) এজাহারভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন বাসা-বাড়িতে চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।
অভিযান শেষে উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
পারভেজ বাঙালী। চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 



















