অনিয়মের সরাসরি অভিযোগ পেয়ে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারসহ সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া। সোমবার (৩ আগস্ট) সকালে দুটি ইউনিয়ন ভূমি অফিসে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শনকালে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার সকালে জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া কোনো পূর্বঘোষণা ছাড়াই কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে পরিদর্শনে যান। পরিদর্শনকালে অফিসে উপস্থিত সেবাগ্রহীতারা জেলা প্রশাসকের কাছে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ তোলেন। সেবাগ্রহীতাদের অভিযোগের সত্যতা পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ওয়াজেদ আলী খানসহ ওই অফিসের চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
কাশিমপুর পরিদর্শনের পর জেলা প্রশাসক সফিপুর ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে পরিদর্শনের সময়ও নানা অনিয়মের চিত্র উঠে এলে তিনি উক্ত অফিসের তহশিলদারকে কঠোরভাবে সতর্ক করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য সঠিক নয়:
এদিকে, কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্তের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। ফেসবুকে অনেকে দাবি করতে থাকেন—‘গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত করা হয়েছে’। তবে জেলা প্রশাসন থেকে বিষয়টি স্পষ্ট করে জানানো হয়েছে যে, এ দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। জেলা প্রশাসকের এই বরখাস্তের নির্দেশ কেবল অনিয়মে অভিযুক্ত কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপরই প্রযোজ্য হয়েছে, পুরো জেলার ভূমি অফিসের ক্ষেত্রে নয়।
জেলা প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, সরকারি কাজে স্বচ্ছতা আনয়ন এবং জনসেবায় হয়রানি বন্ধে এ ধরনের আকস্মিক অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনিয়মের অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের তহশিলদারসহ চারজন সাময়িক বরখাস্ত
-
সুজন চন্দ্র দাস,স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০৯:৪২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- 43
জনপ্রিয় সংবাদ




















