নীলফামারীতে দীর্ঘ ১৬ বছরের পথচলা শেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এডিপির (এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম) কার্যক্রমের সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারী এডিপির ১৬ বছরের কর্মযজ্ঞ ও বিভিন্ন সফলতার গল্প নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিশু ফোরামের সদস্য আরিফা আক্তার ও যুব ফোরামের সদস্য কবির হোসেন সোহাগ।
স্বাগত বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারী এডিপির সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মণ বলেন, ২০১০ সালে নীলফামারী পৌরসভাসহ টুপামারী, খোকশাবাড়ী ও পলাশবাড়ী ইউনিয়নে শিশু শ্রম হ্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ, আর্থ-সামাজিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সংস্থাটির যাত্রা শুরু হয়।
তিনি বলেন, ১৬ বছরের পথচলায় বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পেরেছে ওয়ার্ল্ড ভিশন। এ অর্জনের পেছনে স্থানীয় জনগণ, উপকারভোগীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা রয়েছে। ভবিষ্যতেও এসব অর্জন ধরে রাখতে উপকারভোগী ও স্থানীয়দের ঐকমত্যের ভিত্তিতে উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিশু ও যুব ফোরামের সদস্য এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
মোঃ মোকলেছুর রহমান নীলফামারী প্রতিনিধি 



















