নওগাঁর নিয়ামতপুরে সাপ্তাহিক গরুর হাট থেকে গরু চুরি করে পিকআপভ্যানে পালিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া একটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে নিয়ামতপুর থানাধীন ছাতরা বাজার এলাকার সাপ্তাহিক গরুর হাটে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আন্তঃজেলা গরুচোর চক্রের কয়েকজন সদস্য ছাতরা বাজারের গরুর হাট থেকে কৌশলে একটি গরু চুরি করে পূর্বনির্ধারিত একটি পিকআপভ্যানে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন এবং পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় গরু ও পিকআপসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মান্দারপাড়া এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে মো. জজ মিয়া (৫০) এবং একই উপজেলার ওরুন্দি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. রানা (৩১)।
নিয়ামতপুর থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে তারা আন্তঃজেলা গরুচোর চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গরু চুরি প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় স্থানীয়দের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ফিরোজ আহম্মেদ নওগাঁ প্রতিনিধি 



















