কুষ্টিয়ার মিরপুরে মানসিক ভারসাম্যহীন এক বাবাকে ফুসলিয়ে রেজিস্ট্রি অফিসে নিয়ে জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দেওয়ায় ওই বৃদ্ধের দুই মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। বর্তমানে আহত দুই বোন মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (৬ই সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রেজিস্ট্রি অফিস চত্বরে ও এর আশপাশের এলাকায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।
আহত ভুক্তভোগীরা হলেন—আলাউদ্দিন শেখের বড় মেয়ে আলিয়া খাতুন (৪০) এবং ছোট মেয়ে নাসিমা খাতুন (৩৮)। অন্যদিকে অভিযুক্ত হামলাকারীদের মধ্যে আলাউদ্দিন শেখের ছেলে মিরাজুল (৫০) ও তার ভাই আজিজুলসহ আরও কয়েকজন জড়িত রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ আলাউদ্দিন শেখের মানসিক কিছু সমস্যা রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে তার ছেলেরা তাকে ফুসলিয়ে ও নানামুখী প্রলোভন দেখিয়ে রেজিস্ট্রি অফিসে নিয়ে যান এবং নিজেদের নামে জমি রেজিস্ট্রি করে নেওয়ার পাঁয়তারা করেন। বিষয়টি টের পেয়ে আলাউদ্দিন শেখের দুই মেয়ে আলিয়া খাতুন ও নাসিমা খাতুন দ্রুত সেখানে গিয়ে এই জবরদস্তিতে বাধা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েরা বাবার জমি লিখে নেওয়ার প্রতিবাদ করলে অভিযুক্ত মিরাজুল, আজিজুল ও তাদের সাথে থাকা নাতিসহ অন্যান্য সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা প্রকাশ্যে রেজিস্ট্রি অফিসের সামনে দুই বোনকে ধরে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত দুই বোনকে উদ্ধার করে দ্রুত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টার প্রতিবাদ করায় দুই বোনকে পিটিয়ে জখম
-
নিজস্ব প্রতিবেদক, মিরপুর (কুষ্টিয়া) - আপডেট সময় : ০৫:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- 26
জনপ্রিয় সংবাদ




















