আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন পৌরসভার সাবেক মেয়র নুর ইসলাম নুরু। স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের অনুরোধেই তিনি নির্বাচনী মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) কুড়িগ্রাম পৌরসভার নাজিরা এলাকার কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা তাকে নিয়ে আসেন। সেখানে উপস্থিত জনতার অনুরোধ ও সমর্থনের পরিপ্রেক্ষিতে নুর ইসলাম নুরু আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
তার প্রার্থী হওয়ার ঘোষণার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কুড়িগ্রাম পৌর এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। সমর্থকদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।
রাজনৈতিক সূত্রে জানা যায়, নুর ইসলাম নুরু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৮৬-৮৭ সালে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি, ১৯৮৭-৮৮ সালে কুড়িগ্রাম শহর ছাত্রদলের সভাপতি এবং ১৯৮৯ সালে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
এরপর ১৯৯০ সালে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, ১৯৯১ সালে জেলা ছাত্রদলের আহ্বায়ক এবং ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জেলা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেন বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে।
পরবর্তীতে ২০১০ সালে কুড়িগ্রাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও একই সময়ে জেলা যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করেন নুর ইসলাম নুরু। এরপর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন তিনি।
২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন নুর ইসলাম নুরু।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, নুর ইসলাম নুরু মেয়র থাকাকালে পৌর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছিল। বিশেষ করে কেন্দ্রীয় কবরস্থান ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে তিনি উদ্যোগ নিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
ভেলাকোপা এলাকার বাসিন্দা আলম বলেন, “কুড়িগ্রামের অনেক মানুষ নুর ইসলাম নুরুকে পছন্দ করেন। তিনি মেয়র থাকাকালে পৌরবাসীর বিভিন্ন সমস্যা শুনতেন এবং প্রয়োজনের সময় পাশে থাকার চেষ্টা করতেন।”
নাজিরা এলাকার বাসিন্দা জমশেদ আলী বলেন, “আমরাই নুর ইসলাম নুরুকে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য আহ্বান জানিয়েছি। পৌরসভার উন্নয়নের জন্য আমরা তার পক্ষে নির্বাচনী মাঠে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।”
নিজের প্রার্থী হওয়ার ঘোষণা প্রসঙ্গে সাবেক মেয়র নুর ইসলাম নুরু বলেন, “জনতা আমাকে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য বিভিন্নভাবে বলছেন। ৪ সেপ্টেম্বর একটি সমাবেশে আমাকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অনুরোধে আমি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছি। জনগণের এমন আগ্রহ আমাকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনে জয়ী হলে কুড়িগ্রাম পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। এজন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি।”
নুর ইসলাম নুরুর প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে এরই মধ্যে কুড়িগ্রাম পৌর এলাকার রাজনৈতিক অঙ্গনে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। তবে নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত কারা প্রার্থী হচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত চিত্র কী দাঁড়ায়—তা নির্বাচনী প্রক্রিয়া এগোনোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে।
মোঃ রেজাউল ইসলাম স্টাফ রিপোর্টার 



















